
ছবি: সংগৃহীত
নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক দুর্গম এলাকায় যাত্রীবাহী একটি ট্রাক বিকল হয়ে আটকে পড়ার পর তীব্র তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা সবাই প্রতিবেশী দেশ মালি থেকে একটি মুসলিম ধর্মীয় উৎসবে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন।
ফেরার পথে নাইজার-আলজেরিয়া সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির মধ্যে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়। নাইজারের বৃহত্তম প্রশাসনিক অঞ্চল আগাদেজের গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীরা এমন এক চরম প্রতিকূল পরিবেশের মধ্যে আটকা পড়েছিলেন, যেখানে তীব্র তাপমাত্রা এবং কোনো ধরনের পানি ও রসদ সরবরাহের কেন্দ্র না থাকায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল।
এই ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিকভাবে মাত্র দুজন যাত্রী বেঁচে ফিরতে পেরেছেন। তারা মাইলের পর মাইল মরুভূমি পায়ে হেঁটে পাড়ি দিয়ে আসামাকায় পৌঁছান এবং স্থানীয় কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানান। গভর্নরের বিবৃতিতে আরও বলা হয়, ট্রাকটি মালির তেলহানদেক শহর থেকে যাত্রা শুরু করলেও পরে এটি মূল নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে হারিয়ে যায়।
কয়েক দিন ধরে চালক ও যাত্রীরা বারবার অচল ট্রাকটি মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত ট্রাকটির নিচে ও আশপাশে তাদের অসংখ্য মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় প্রশাসনের পাঠানো একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের গণকবরে দাফন করে। মর্মান্তিক এই উদ্ধার অভিযান থেকে ফেরার পথে উদ্ধারকারী দলটি মরুভূমিতে আরেকটি বিকল ট্রাকের সন্ধান পায়।
ব্যাটারি নষ্ট হওয়ায় ৬০ জনেরও বেশি যাত্রী নিয়ে সেই ট্রাকটিও তিন দিন ধরে সেখানে আটকে ছিল। নাইজারের সেনাসদস্যদের অন্তর্ভুক্ত উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে সেই ক্লান্ত ও তৃষ্ণার্ত যাত্রীদের মধ্যে পানি বিতরণ করে এবং যানবাহনটি মেরামত করে দিলে তারা নিরাপদে পুনরায় যাত্রা শুরু করতে সক্ষম হন।
আগাদেজের গভর্নর বলেন, এই ট্র্যাজেডি সীমান্তবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ড এবং উন্নত জীবনের সন্ধানে অভিবাসনের সঙ্গে যুক্ত তরুণদের অত্যন্ত ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ বাস্তবতাকে উন্মোচন করেছে।
উল্লেখ্য, নাইজারের এই মরুভূমিটি পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট, যেখানে প্রতিনিয়ত এমন ভয়াবহ জীবনঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করে থাকে।













































