
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর আবেদন করেছে সংশ্লিষ্ট মালিকপক্ষ। নতুন ভাড়া নির্ধারণে আজ রোববার সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাস মালিক সমিতির দেওয়া খসড়া প্রস্তাব অনুযায়ী, ঢাকা, চট্টগ্রামসহ দেশের মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর আলোচনা তোলা হবে। একই সঙ্গে দূরপাল্লার বাস ভাড়া ৩৭ শতাংশ বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন মালিকরা।

অন্যদিকে নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা।
সংস্থাটির প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটারের কম ও বেশি—উভয় দূরত্বেই প্রতি কিলোমিটারে ১ টাকা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে পাঠানো হয়েছে।
এছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন লঞ্চ ভাড়া বর্তমান ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তেই গণপরিবহন ভাড়া বাড়ানোর এ উদ্যোগে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এখন সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সবাই।





































