মঙ্গলবার । মে ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ১৯ এপ্রিল ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
শেয়ার

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু


ham

ফাইল ছবি

সারাদেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং বাকি তিনজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮০৪টি শিশু। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে সর্বোচ্চ ১৪৮ জন। সারা দেশে গত এক দিনে মোট ১ হাজার ১৯৭ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৫৬৩ জনই ঢাকা বিভাগের।

হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৪৫টি শিশু। এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৩০০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ আইসোলেশন ইউনিটে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৬০৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৫ হাজার ৩২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং নিশ্চিতভাবে ৩ হাজার ৪৪৩ জনের হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে মোট ২১৭ জন (হামে ৩৬ এবং উপসর্গে ১৮১)। এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ হাজার ৩৯৬ জন শিশু।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা শিশুদের হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি শরীরে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।