
প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে জাতির সঙ্গে ক্ষমাহীন অপরাধ করেছে, যার মাশুল দেশের মানুষকে দিতে হচ্ছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান সরকারের বিশেষ তৎপরতায় হামের ভয়াবহ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং সামনের দিনগুলোতে স্বাস্থ্যখাতে আরও উন্নতির লক্ষ্য নিয়ে কাজ চলছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করার নির্দেশনা দেন তিনি।

সম্মেলনে তিনি শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কারও তুলে দেন।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা সরাসরি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।






































