রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শেয়ার

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, বিশ্বের শীর্ষ ১০ দূষিত শহরে ঢাকা


Air-pollution

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা ৮ম অবস্থানে উঠে এসেছে

২০২৫ সালের ডিসেম্বর থেকেই রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। চলতি বছরের এপ্রিলেও শহরটিতে দূষণের মাত্রা ক্রমাগত ওঠানামা করছে। আজ রবিবার (১৯ এপ্রিল) বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সর্বশেষ সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা ৮ম অবস্থানে উঠে এসেছে।

বর্তমানে ঢাকার বায়ুমান স্কোর ১২২, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, গতকাল শনিবার ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৯২ এবং তালিকার ২৩তম অবস্থানে ছিল শহরটি। মাত্র একদিনের ব্যবধানে দূষণের এই বড় ধরনের অবনতি নগরবাসীর জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, তালিকার শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ৪৫৪, যা ওই শহরের বাসিন্দাদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। ভারতের কলকাতা ১০২ স্কোর নিয়ে ১৮তম এবং মুম্বাই ৯১ স্কোর নিয়ে ২৩তম অবস্থানে রয়েছে।

চীনের শহরগুলোর মধ্যেও দূষণের চিত্র ভয়াবহ। তালিকার শীর্ষ ১০-এর মধ্যে চীনের চারটি শহর রয়েছে; যার মধ্যে চেংডু ১৫৬ এবং সেনজেন ১৫২ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আছে। এছাড়া তালিকার দ্বিতীয় অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই (১৯১) এবং তৃতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু (১৭৮) রয়েছে।

আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে শিশু ও প্রবীণদের ঘরের বাইরে চলাচল সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ঢাকার বায়ুমান প্রায়ই এই ঝুঁকিপূর্ণ সীমার আশেপাশে অবস্থান করায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।