iran
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর গুরুত্ব দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, এই কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন বৈঠকের তারিখ নির্ধারণ সম্ভব নয়।
তিনি জানান, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো দুই পক্ষের মধ্যে ঐকমত্য হয়নি। এর জন্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিকে দায়ী করেছে তেহরান।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে নিজেদের শর্ত ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরান স্পষ্ট করেছে, দীর্ঘ ও ফলহীন আলোচনা করে সময় নষ্ট করতে চায় না তারা।
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র নতুন কিছু প্রস্তাব দিয়েছে। সেগুলো এখন পর্যালোচনা করছে তেহরান, তবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে ইসলামাবাদে দুই দেশের প্রথম দফার শান্তি আলোচনা আশানুরূপ ফল দেয়নি। যদিও বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি চলছে। দ্বিতীয় দফার বৈঠকে দুই পক্ষকে ফের টেবিলে আনতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
সূত্র: আল–জাজিরা








































