শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

স্প্যানিশ ক্লাবের মালিক হলেন লিওনেল মেসি 


MESSI CLUB

ক্লাব মালিক হিসেবে স্পেনে নতুন যাত্রা শুরু করলেন আর্জেন্টিনার মহাতারকা মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব মালিক হিসেবে স্পেনে নতুন যাত্রা শুরু করলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। স্পেনের পঞ্চম টায়ারের ফুটবল ক্লাব ‘কর্নেয়া’র মালিকানা কিনে নিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল জাদুকর।

উরুগুয়ের দেপোর্তিভো এলএসএম ক্লাবে আগে থেকেই বিনিয়োগ থাকলেও ইউরোপের কোনো ক্লাবের মালিক হিসেবে এটিই মেসির প্রথম পদার্পণ।

কর্নেয়া ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে মেসির এই আগমন ক্লাবের ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কাতালোনিয়ার এই ক্লাবটির সাথে বার্সেলোনার ঘনিষ্ঠ সম্পর্ক এবং স্থানীয় প্রতিভা বিকাশে মেসির দীর্ঘদিনের অঙ্গীকার এই উদ্যোগের মাধ্যমে আরও শক্তিশালী হবে।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি থেকেই জোর্ডি আলবা এবং ডেভিড রায়ার মতো বিশ্বখ্যাত ফুটবলাররা উঠে এসেছেন।

মেসির এই বিনিয়োগের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ক্লাবের ভিত্তিকে শক্তিশালী করা এবং তরুণ প্রতিভাদের বিশ্বমঞ্চে তুলে আনা। দেড় হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম সম্বলিত এই ক্লাবটি ২০২১ সালে কোপা দেল’রেতে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চমক দেখিয়েছিল।

এবার বিশ্বসেরা ফুটবলারের মালিকানায় ক্লাবটি কোন উচ্চতায় পৌঁছায়, সেটিই এখন দেখার বিষয়।