শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৬ এপ্রিল ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন
শেয়ার

মেসির বিরুদ্ধে প্রতারণা মামলা


messi

সংগৃহীত ছবি

আসন্ন বিশ্বকাপের আগে এক অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘ভিআইডি’।

বুধবার (১৫ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার নথিপত্র অনুযায়ী, গত অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে এই ঝামেলার সৃষ্টি। মায়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি ৭০ লাখ ডলারের বিনিময়ে এই ম্যাচ দুটির একক স্বত্ব কিনে নিয়েছিল। চুক্তিতে শর্ত ছিল যে, যদি কোনো চোট না থাকে তবে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হবে।

ভিআইডির দাবি, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে না নেমে দর্শক সারিতে বসে খেলা দেখেছেন। অথচ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সপরিবারে মেসির বসার জন্য যে বিশেষ সুইট ব্যবহার করা হয়েছিল, তার খরচও বহন করেছিল এই আয়োজক প্রতিষ্ঠান। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, আর্জেন্টিনার ম্যাচে দর্শক হয়ে বসে থাকার ঠিক পরদিনই মেসি তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন এবং দুই গোল করেন। আয়োজকদের দাবি, এটি স্পষ্ট চুক্তি লঙ্ঘন।

মামলায় আরও উল্লেখ করা হয়, পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ডে (ধারণক্ষমতা ৬১,৫০০) হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটি সরিয়ে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে (ধারণক্ষমতা ২১,৫৫০) নেওয়া হয়। ধারণক্ষমতা কম হওয়ায় ভিআইডি ১০ লাখ ডলারের বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে।

স্টেডিয়াম বদল প্রসঙ্গে এএফএ নিরাপত্তা ঝুঁকির কথা বললেও শিকাগো কর্তৃপক্ষের দাবি ছিল টিকিট বিক্রি কম হওয়া। ভিআইডির অভিযোগ, চীনে অন্য একটি ম্যাচ আয়োজনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এএফএ, কিন্তু ব্যস্ত ক্যালেন্ডারের কারণে সেই প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হচ্ছে না।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা মেসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বিশ্বকাপের আগে এই আইনি লড়াই আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার বিষয়।