শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৮ এপ্রিল ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
শেয়ার

দেশের ৬ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু


thunder

ফাইল ছবি

দেশের ছয় জেলায় আকস্মিক বজ্রপাতে একদিনেই অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের পর থেকে রংপুর, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের করিমগঞ্জে এসব ঘটনা ঘটে। এর মধ্যে কেবল সুনামগঞ্জেই মারা গেছেন ৫ জন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

রংপুরে ২ কৃষকের মৃত্যু, আহত ১২: রংপুরের মিঠাপুকুর উপজেলার পাগলাবাজার এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতে সখীপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) ও মিলন (৩৫) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরও ১২ জন আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

সুনামগঞ্জে ৫ জনের প্রাণহানি: সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বোরো ধান কাটার সময় ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন— ধর্মপাশার ডিগ্রি পরীক্ষার্থী হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), তাহিরপুরের হাসের খামার শ্রমিক আবুল কালাম (২৮), দিরাইয়ের লিটন মিয়া (৩৮) এবং জামালগঞ্জের নূর জামাল (২৬)। এছাড়া এসব ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহে ২ জনের মৃত্যু: ময়মনসিংহের গৌরীপুরে ধানক্ষেত দেখতে গিয়ে রহমত আলী উজ্জ্বল (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। অন্যদিকে, গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মমতাজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

হবিগঞ্জ: জেলার নবীগঞ্জের বিবিয়ানা নদীর তীরে মাছ ধরার সময় সুনাম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নেত্রকোণা: আটপাড়া উপজেলার মেষির হাওড়ে গরুর ঘাস কাটতে গিয়ে আলতু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ: করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বড় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে হলুদ মিয়া নামের এক কৃষকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আকস্মিক এই প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট জেলাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অফিসের পক্ষ থেকে বৈরী আবহাওয়ার সময় খোলা মাঠ, জলাশয় বা ধানক্ষেতে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।