
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা || ছবি: সংগৃহীত
বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজার আগে তাকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

ছবি: সংগৃহীত
এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টরটি তার নিজ গ্রামে অবতরণ করে। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। এসময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা হেলিপ্যাডে ভিড় জমান।
কোড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এর আগে সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।













































