
ফাইল ছবি
বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই ফের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে উত্তর কোরিয়া।
আজ রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকালে পিয়ংইয়ং এই উস্কানিমূলক পরীক্ষা চালায় বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা বিভাগ।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, আজ স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে উত্তর কোরিয়ার সিনপো এলাকা থেকে ‘ইস্ট সি’ বা জাপান সাগর অভিমুখে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর কিছু সময় পরেই জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কইজুমি জানান, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)-এর বাইরে গিয়ে পতিত হয়েছে।

গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের এই ধারাবাহিক তৎপরতায় কোরীয় উপদ্বীপে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া সম্প্রতি সিউলকে তাদের ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করার পর এই ধরনের সামরিক মহড়া আরও বৃদ্ধি পেয়েছে। কিম জং উনের প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তারা আপাতত প্রতিবেশীদের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় আগ্রহী নয়।
জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার এই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখা হচ্ছে।








































