বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৬ এপ্রিল ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
শেয়ার

১৮ এপ্রিল প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই


NTRCA

ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। হাইকোর্টের দেওয়া পরীক্ষা স্থগিতের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আগামী ১৮ এপ্রিল নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো বাধা থাকছে না।

বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে একই দিনে দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ নিয়োগ পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিল।

হাইকোর্টের ওই বেঞ্চে ছিলেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিম। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে।

বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, চেম্বার আদালতের আদেশের ফলে নির্ধারিত তারিখেই পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।