বুধবার । এপ্রিল ৮, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ৭ এপ্রিল ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
শেয়ার

সাজা শেষে ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া


malaysia-return

ছবি: সংগৃহীত

বিভিন্ন অপরাধে সাজা ভোগ শেষে ৬৪ জন বাংলাদেশিসহ মোট ১২৭ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (৬ এপ্রিল) দেশটির ইমিগ্রেশন বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, এপ্রিলের প্রথম সপ্তাহজুড়ে ‘পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো’ থেকে এই বন্দিদের পর্যায়ক্রমে ফেরত পাঠানো হয়। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং সিনাই আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে তাদের নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো বন্দিদের মধ্যে সবচেয়ে বেশি ৬৪ জন বাংলাদেশের নাগরিক। তালিকায় এরপরই রয়েছে মিয়ানমার (২১ জন), পাকিস্তান (১২ জন), নেপাল (৬ জন), ভিয়েতনাম (৬ জন) এবং ভারত (৪ জন)। এ ছাড়া থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও নাইজেরিয়ার একজন করে নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, এসব বিদেশি নাগরিক মালয়েশিয়ার বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন। তাদের বিরুদ্ধে নির্যাতন আইন, বিপজ্জনক মাদক আইন, ইমিগ্রেশন আইন ও বিধিমালা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ ছিল। আইনি প্রক্রিয়া শেষে নির্ধারিত মেয়াদে সাজা ভোগ করতে হয়েছে তাদের।

তবে শুধুমাত্র ফেরত পাঠানোই নয়, এসব ব্যক্তিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ‘কালোতালিকায়’ (ব্ল্যাকলিস্ট) অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আর কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। দেশটির ইমিগ্রেশন বিভাগ নিয়মিত এই বহিষ্কার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।