সোমবার । জুন ১, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শেয়ার

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি


libya-bangladeshi

লিবিয়া ফেরত বাংলাদেশিরা / ছবি: সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার (আটক শিবির) থেকে আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার নিরলস প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহযোগিতায় সোমবার (১ জুন) ভোর ৫টা ১০ মি‌নি‌টে বুরাক এয়া‌রের ইউ‌জেড-০২২২ বিশেষ ফ্লাইট যোগে তা‌দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।

প্রত্যাবাসিত এই নাগরিকদের মধ্যে ১৪ জন অভিবাসী শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন বলে জানা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আন্তরিক অভ্যর্থনা জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিবিয়া থেকে ফেরত আসা এসব বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে তাদের অনেকে বিভিন্ন সময়ে ভয়াবহ অপহরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে গুরুতর অভিযোগ রয়েছে।

মানবপাচারের শিকার এই অভিবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে এয়ারপোর্ট কন্ট্রাক্ট ও ওমরা ভিসার আড়ালে যে ইউরোপ যাত্রার চক্র গড়ে উঠেছে, তা অবিলম্বে কঠোর হস্তে বন্ধ করা না গেলে তাদের মতো আরও বহু মানুষ নিঃস্ব ও ক্ষতিগ্রস্ত হবেন। বিমানবন্দরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ ও ভয়ংকর অভিজ্ঞতা সমাজ ও সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফেরত আসাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেক বাংলাদেশি নাগরিককে যাতায়াতের পথখরচা, জরুরি খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে সাময়িক বা অস্থায়ী বাসস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মানবপাচার রোধ ও ডিটেনশন সেন্টারে আটকে থাকা নাগরিকদের উদ্ধারে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি মাসেই আরও তিনটি বিশেষ ফ্লাইটে লিবিয়ার গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ধাপে ধাপে মোট ৫১৪ জন আটকে থাকা বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দূতাবাস।