
তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়কে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও সাবেক নার্স জুলি। তিনি অভিযোগ করেছেন, বিজয়ের সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং, কটূক্তি ও মানসিক হয়রানির কারণে তিনি গুরুতর মানসিক চাপে পড়েছিলেন, যা শেষ পর্যন্ত তার গর্ভপাতের কারণ হয়ে দাঁড়ায়।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জুলি জানান, বিয়ের পর তিনি প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এবং তার স্বামীকে লক্ষ্য করে ধারাবাহিক ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার ও অপমানজনক মন্তব্য করা হয়। এসব ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার শারীরিক অবস্থারও অবনতি ঘটে।
জুলি দাবি করেন, “আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী।” তবে তিনি স্পষ্ট করেছেন, বিজয় সরাসরি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার অভিযোগ, সমর্থকদের এমন আচরণ নিয়ন্ত্রণে আনতে বা বন্ধ করতে বিজয় কোনো উদ্যোগ নেননি।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে সংগঠিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। এমনকি পুলিশের কাছে অভিযোগ করার পর ‘কিডনি কেলেঙ্কারি’ সংক্রান্ত বিভিন্ন তথ্য ছড়িয়ে দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
চলতি বছরের মার্চে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগও করেন জুলি। যদিও পরে তাকে জানানো হয়, বিষয়টি ফৌজদারি অপরাধের পরিবর্তে দেওয়ানি মানহানির আওতায় বিবেচিত হতে পারে।
এদিকে, জুলির এসব অভিযোগ নিয়ে এখন পর্যন্ত থালাপতি বিজয় বা তার রাজনৈতিক দল কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: বলিউড লাইফ















































