সোমবার । জুন ১, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১ জুন ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
শেয়ার

ইতালির স্টুডেন্ট ভিসায় নতুন নির্দেশনা, অ্যাপয়েন্টমেন্টসহ স্পন্সর নিয়মে বড় পরিবর্তন


italy

ছবি: সংগৃহীত

ইতালিতে উচ্চশিক্ষা প্রত্যাশী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। সোমবার (১ জুন) ঢাকায় নিযুক্ত ইতালির ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন এই নির্দেশনায় শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, আর্থিক স্পন্সর এবং প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি বহুল আলোচিত ভিসা অ্যাপয়েন্টমেন্টের বিষয়টিও পুরোপুরি স্পষ্ট করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, যেসব শিক্ষার্থী ইতালি সরকারের ইউনিভার্সিটি পোর্টালে ইতিমধ্যে তাদের নিয়মিত নিবন্ধন সম্পন্ন করেছেন, ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না।

বিশ্ববিদ্যালয় নিবন্ধনের সময় শিক্ষার্থীরা যে ই-মেইল ঠিকানাটি ব্যবহার করেছিলেন, সেই একই ই-মেইলে ভিএফএস গ্লোবাল নিজে থেকেই যোগাযোগ করবে এবং স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করে দেবে।

নতুন নির্দেশনায় শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে আর্থিক স্পন্সরের ক্ষেত্রে। এখন থেকে শুধু বাবা-মা নন, বরং দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুফু, মামা-খালা এবং আপন কাজিনের (চাতাতো/মামাতো ভাই-বোন) আর্থিক গ্যারান্টি বা স্পন্সরশিপও দূতাবাস সানন্দে গ্রহণ করবে। এমনকি আবেদনকারী শিক্ষার্থীর কোনো নিকট আত্মীয় যদি ইতালিতে বৈধভাবে বসবাস করেন, তবে তিনিও স্পন্সর হতে পারবেন বলে ভিএফএস জানিয়েছে।

তবে ভিসার জন্য ভাষাগত দক্ষতার সার্টিফিকেট পুরোপুরি বাধ্যতামূলক করা হয়েছে। ভাষার দক্ষতার ক্ষেত্রে দূতাবাস কেবল বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মূল সার্টিফিকেট গ্রহণ করবে, যেখানে আবেদনকারীর মৌখিক ও লিখিত বোধগম্যতা এবং সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা স্পষ্ট অক্ষরে উল্লেখ থাকতে হবে।

এর পাশাপাশি ভিসার আবেদনপত্রের সাথে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সত্যতার সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে ‘সিআইএমইএ’ অথবা ‘ডিক্লেয়ারেশন অব ভ্যালু’ জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।

একই সাথে বিশ্বস্ততার সাথে জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির পর চূড়ান্ত স্টুডেন্ট ভিসার আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করে যোগ্য শিক্ষার্থীদের আবেদন করার তাগিদ দিয়েছে ভিসা প্রসেসিং কর্তৃপক্ষ।