
ছবি: সংগৃহীত
কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বড় ঘোষণা দিয়েছে ইতালি সরকার। ২০২৬ সালের ‘ডিক্রেটো ফ্লাসি’ কর্মসূচির আওতায় অতিরিক্ত আরও প্রায় ৯ হাজার বিদেশি কর্মীকে সিজনাল ওয়ার্ক পারমিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয় গত ৬ মে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কোটার বিষয়টি গেজেট আকারে প্রকাশ করেছে। মূলত গ্রীষ্মকালীন কৃষি উৎপাদন এবং পর্যটন মৌসুমের ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
নতুন এই বরাদ্দের মধ্যে কৃষি খাতের জন্য ৫ হাজার ৩৮৯টি এবং পর্যটন ও হোটেল খাতের জন্য ৩ হাজার ৪৭৬টি পারমিট রাখা হয়েছে। এই ঘোষণার সবচেয়ে ইতিবাচক দিক হলো, চলতি বছরের শুরুতে যারা ‘ক্লিক ডে’-তে আবেদন করেও কোটা শেষ হয়ে যাওয়ায় সুযোগ পাননি, তাদের আবেদনগুলো বাতিল হবে না। নতুন এই কোটায় সেই আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিবেচনা করা হবে।
এর পাশাপাশি বৈধ নিয়োগকর্তার মাধ্যমে নতুন আবেদন করার সুযোগও থাকছে। তবে নিয়োগকর্তাকে অবশ্যই ইতালির সরকারি ওয়ান-স্টপ ইমিগ্রেশন পোর্টালে আবেদন করতে হবে এবং শ্রমিকের বাসস্থানের নিশ্চয়তা প্রদান করতে হবে।
ইতালির শ্রম মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ভিসা পাওয়ার পর ইতালিতে পৌঁছে ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্মীকে সরকারি নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অতিরিক্ত কোটার সুযোগ খুব বেশিদিন খোলা না থাকার সম্ভাবনাই বেশি। কারণ ২০১৫ সালেও এমন বাড়তি বরাদ্দ মাত্র দুই সপ্তাহের মধ্যে পূর্ণ হয়ে গিয়েছিল। তাই ইচ্ছুক কর্মী ও নিয়োগকর্তাদের দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।









































