মঙ্গলবার । মে ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১২ মে ২০২৬, ৮:১১ অপরাহ্ন
শেয়ার

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ


oil

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে নতুন করে অচলাবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সরবরাহ সংকটের আশঙ্কা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ায় একদিনেই তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ১০৭ দশমিক ৬৮ ডলারে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৬১ ডলারে পৌঁছেছে।

এর আগের দিনও আন্তর্জাতিক বাজারে দুই ধরনের তেলের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে মতবিরোধ বাড়ায় বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর প্রধান নির্বাহী আমীন নাসের সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে তেল পরিবহনে বাধা অব্যাহত থাকলে বিশ্ববাজার স্থিতিশীল হতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এতে প্রতি সপ্তাহে প্রায় ১০ কোটি ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

অন্যদিকে বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের শান্তি চুক্তি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত ৮ থেকে ১২ ডলার পর্যন্ত কমে যেতে পারে। তবে উত্তেজনা আরও বাড়লে বা হরমুজ প্রণালি অবরোধের হুমকি তৈরি হলে ব্রেন্ট তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

সূত্র : আল জাজিরা