
নতুন দায়িত্ব গ্রহণ করায় সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়
ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে নতুন দায়িত্ব গ্রহণ করায় সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
বৈঠকে ওআইসি সদস্য দেশগুলো বাংলাদেশের সাথে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসি সদস্য দেশগুলোর এই সমর্থন ও অভিনন্দনকে স্বাগত জানিয়ে সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের কথা স্মরণ করে উল্লেখ করেন যে, সেই সময়ে ওআইসিভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল, তা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। একইসঙ্গে তিনি দেশগুলোর মধ্যে জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা সমস্যা দ্রুত ও স্থায়ী সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর জোরালো সমর্থন ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশন উপস্থিত ছিলেন।
অন্যদিকে প্রধানমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।





































