সোমবার । মে ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১১ মে ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
শেয়ার

‘পুলিশকে ম্যানেজ করে চলার সংস্কৃতি থেকেই দুর্নীতির জন্ম’


Hasnat-Abdullah

ফাইল ছবি

পুলিশের দুর্নীতির পেছনে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও পর্যাপ্ত বাজেটের অভাবকে দায়ী করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, পুলিশকে ‘ম্যানেজ’ করে চলার সংস্কৃতি থেকেই মূলত দুর্নীতির জন্ম হয় এবং এ পরিস্থিতি বদলাতে প্রয়োজন আমূল সংস্কার।

তিনি জানান, গুরুতর মামলার তদন্তে সরকারি বরাদ্দ বাস্তবতার তুলনায় খুবই কম। খুন বা ডাকাতির মতো মামলায় একজন তদন্ত কর্মকর্তাকে মাত্র ৬ হাজার টাকা দেওয়া হয়, আর হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার তদন্তে বরাদ্দ থাকে মাত্র ৩ হাজার টাকা। তার মতে, এই আর্থিক সংকটই অনেক পুলিশ সদস্যকে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্নীতির দিকে ঠেলে দেয়।

পুলিশ সদস্যদের দীর্ঘ কর্মঘণ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, অন্যান্য সরকারি চাকরিতে নির্ধারিত কর্মঘণ্টা ও ছুটি থাকলেও পুলিশ সদস্যরা প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। সংসদে বিষয়টি তোলার পর স্বরাষ্ট্রমন্ত্রী ওভারটাইম চালুর আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশকে বেআইনি নির্দেশ প্রত্যাখ্যান করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান এই সংসদ সদস্য। তিনি বলেন, রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপের মুখেও আইনবহির্ভূত কাজ করা থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে বেআইনি আদেশ না মানায় পুলিশ সদস্যদের আইনি সুরক্ষা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন-পদোন্নতির দাবি জানান তিনি।