শনিবার । মে ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ মে ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
শেয়ার

বিএনপির সাংগঠনিক সভা আজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী


PM Eknek

প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ শনিবার প্রথমবারের মতো সাংগঠনিক নেতাদের নিয়ে মতবিনিময়সভা করছে বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত দিনব্যাপী এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রায় পাঁচ মাস পর আনুষ্ঠানিক সাংগঠনিক কর্মসূচিতে ফিরছে দলটি।

বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ আয়োজন করা হয়েছে। শুক্রবার সভার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সভায় সারা দেশের জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক কার্যক্রম ও সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে মতামত তুলে ধরবেন। পাশাপাশি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে নেওয়া উদ্যোগ এবং বাস্তবায়নাধীন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণধর্মী তথ্য উপস্থাপন করবেন।

বিএনপি নেতাদের মতে, মতবিনিময়সভার প্রধান উদ্দেশ্য হলো নেতাকর্মীদের আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় করা এবং দলকে আরও গতিশীল করে তোলা। একই সঙ্গে সংগঠন পুনর্গঠনের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিও নতুন রাজনৈতিক বার্তা দিতে চায় বিএনপি।