রবিবার । মে ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১০ মে ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
শেয়ার

সিটি করপোরেশনের প্রশাসকরা চেয়ারে বসেই ভোট চাচ্ছেন: আসিফ মাহমুদ


Asif

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ স্থানীয় সরকার নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার দাবি জানান। তিনি অভিযোগ করেন যে, সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলেও সিটি করপোরেশনের প্রশাসকরা নিজ নিজ পদে বহাল থেকেই ভোট চেয়ে বেড়াচ্ছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন যে, দিনদিন এই পরিস্থিতির অবনতি ঘটছে এবং সেই সাথে সীমান্ত হত্যার হারও বৃদ্ধি পেয়েছে। সীমান্ত হত্যার বিষয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিটি কার্যকর হচ্ছে না বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, তিনি বর্তমানে ভারতে অবরুদ্ধ অবস্থায় আছেন এবং যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি, তাই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তিনি ভারত সরকারকে অনুরোধ জানান। তাকে বিমানবন্দরের মাধ্যমে ফেরত পাঠানো হলে পরবর্তী আইনি ব্যবস্থা বাংলাদেশ তার নিজ ভূখণ্ডেই গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।