মঙ্গলবার । মে ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ মে ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার

স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রীর


tareque-rahman

ছবি: সংগৃহীত

উন্নয়নকে টেকসই করতে দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিবেশ বজায় রাখতে এবং জনমত গঠনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “দেশের সামগ্রিক উন্নয়নের জন্য একটি স্থিতিশীল পরিবেশ অত্যন্ত জরুরি। আমরা যদি তা নিশ্চিত করতে না পারি, তবে কোনো উন্নয়নই স্থায়ী হবে না। রাজনীতি হওয়া উচিত সংসদে, রাজপথে হৈচৈ করে কিছু গড়ে তোলা সম্ভব নয়। কোনো কিছু গড়ার জন্য গভীর চিন্তা ও গঠনমূলক আলোচনা প্রয়োজন।”

শিক্ষার্থীদের বিশ্ববাজারের জন্য দক্ষ করে তুলতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার স্কুল পর্যায়ে ৪ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও সংগীত শিক্ষার উদ্যোগ নিয়েছে, যার সুফল আগামী ১০-১২ বছরে দৃশ্যমান হবে।

বিগত সরকারের আমলের অনিয়ম নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আলোচিত ‘বালিশকাণ্ডের’ প্রসঙ্গ টানেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “একটি বালিশের দাম ৮০ হাজার টাকা! এত দামের বালিশে কি আদৌ ঘুম হয়?” এ সময় তিনি মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা পাচারের চিত্রও শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাবির বিভিন্ন অনুষদের ১৫৬ জন শিক্ষার্থী এই প্রাণবন্ত মতবিনিময়ে অংশ নেন।