
নিহত মহি উদ্দীন/সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মহি উদ্দীন (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১০ মে) ওমান সময় রাত প্রায় ৩টার দিকে রাজধানী মাস্কাটের আজাইবা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পালেগ্রাম ইলিয়াছ পাড়ায়।
ওমানে অবস্থানরত প্রবাসী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন কাজ শেষে নিজের ফোরম্যানসহ গাড়িতে করে বাসায় ফিরছিলেন মহি উদ্দীন। পথে তাদের বহনকারী গাড়িটি আজাইবা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মহি উদ্দীনের মৃত্যু হয়।
নিহত মহি উদ্দীন কালীপুর ইউনিয়নের মৃত কালু মিয়ার চতুর্থ পুত্র। কিছুদিন আগেই দেশ থেকে ছুটি কাটিয়ে পুনরায় ওমানে ফিরে গিয়েছিলেন তিনি। তাঁর সংসারে স্ত্রী ও চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “অল্প কয়েকদিন আগেই মহি উদ্দীন দেশ থেকে ওমানে ফিরেছেন। সেখানে সড়ক দুর্ঘটনায় তাঁর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।”
নিহতের স্বজনরা জানিয়েছেন, মহি উদ্দীনের মরদেহ বর্তমানে ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।













































