
ছবি: সংগৃহীত
ওমানে একটি প্রতিষ্ঠান নগদ অর্থ নিয়ে পালানো তিন বাংলাদেশি কর্মীকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০০ ওমানি রিয়াল পুরস্কারের ঘোষণা দিয়েছে। ‘কিউএএফ ইন্টারন্যাশনাল এসপিসি’ নামের প্রতিষ্ঠানটি পলাতকদের দ্রুত শনাক্ত করার জন্য এই নতুন পদক্ষেপ নিয়েছে।
প্রতিষ্ঠানের অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার পর থেকে ওই তিন কর্মীর সঙ্গে আর কোনোভাবে যোগাযোগ করা যায়নি। তারা কোম্পানির নগদ অর্থ নিজেদের দখলে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আত্মগোপন করেছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই ওমানের আল খোদ পুলিশ স্টেশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
পলাতক তিন কর্মীররা হলেন- শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মো. মাসুম, বান্দরবান সদর উপজেলার মো. রাজু রায়হান এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ইমাম হোসেন।
প্রতিষ্ঠানটি ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সবার কাছে আন্তরিক সহযোগিতা চেয়েছে। তারা অনুরোধ করেছে, যারা পলাতকদের অবস্থান সম্পর্কিত কোনো তথ্য জানেন, তারা দ্রুত নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। সঠিক তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলে ঘোষিত ৫০০ রিয়াল পুরস্কার প্রদান করা হবে।






































