
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সাধারণ ব্যবহারকারীদের কাছে আরও সহজলভ্য করতে নতুন একটি কম্পিউটার চিপ উন্মোচন করেছে এনভিডিয়া। ‘আরটিএক্স স্পার্ক’ নামের এই নতুন সুপারচিপ ভবিষ্যতের এআই-নির্ভর ব্যক্তিগত কম্পিউটারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে অনুষ্ঠিতব্য প্রযুক্তি প্রদর্শনী কম্পিউটেক্সের উদ্বোধনের আগে দেওয়া এক বক্তব্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং নতুন চিপটির ঘোষণা দেন।
এনভিডিয়ার দাবি, আরটিএক্স স্পার্ক শুধু একটি চিপ নয়, বরং ব্যক্তিগত এআই সহকারীর যুগের জন্য তৈরি একটি নতুন প্রজন্মের প্রযুক্তি। এর মাধ্যমে কম্পিউটার কেবল একটি যন্ত্র হিসেবে নয়, বরং ব্যবহারকারীর ‘সহযোগী’ হিসেবেও কাজ করবে।
এই চিপ ব্যবহার করে নতুন উইন্ডোজভিত্তিক কম্পিউটার বাজারে আনবে লেনোভো, এইচপি, ডেল, মাইক্রোসফট সারফেস, আসুস ও এমএসআই। চলতি বছরের শরৎকাল থেকে এসব ডিভাইস বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। পরে এসার ও গিগাবাইটও একই প্রযুক্তির কম্পিউটার বাজারে আনবে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে ব্যক্তিগত কম্পিউটারের বাজারে অ্যাপল ও ইন্টেলের মতো প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে এনভিডিয়া। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের প্রায় ৭৫ শতাংশ পিসি বাজারের নিয়ন্ত্রণ ছিল লেনোভো, এইচপি, ডেল ও অ্যাপলের হাতে।
বিশ্লেষকদের মতে, এতদিন মূলত কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহকারী হিসেবে পরিচিত এনভিডিয়া এখন পুরো পিসি ইকোসিস্টেমে নেতৃত্বের ভূমিকা নিতে চাইছে।
নতুন চিপকে ঘিরে মাইক্রোসফটের সঙ্গে অংশীদারত্বও ঘোষণা করেছে এনভিডিয়া। তাদের লক্ষ্য, উইন্ডোজ প্ল্যাটফর্মে শক্তিশালী ও নিরাপদ এআই এজেন্ট ব্যবহারের সুযোগ তৈরি করা।
মাইক্রোসফটের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, তাদের লক্ষ্য হলো প্রতিটি ঘর ও কর্মস্থলে সীমাহীন বুদ্ধিমত্তা পৌঁছে দেওয়া। আরটিএক্স স্পার্ক সেই লক্ষ্য পূরণের পথে বড় একটি অগ্রগতি।
















































