
নিহত ইয়াসমিন চৌধুরী। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক দুর্বৃত্তের বর্বরোচিত হামলায় ইয়াসমিন চৌধুরী (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল আনুমানিক ৭টার দিকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্স শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
নিহত ইয়াসমিন লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে তিনি দেশীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক হলুদ রঙের ‘লস অ্যাঞ্জেলেস লেকার্স’-এর ২৪ নম্বর জার্সি, পায়ে হলুদ জুতা এবং পিঠে সাদা ব্যাগ নিয়ে ঘটনাস্থলে আসে। তার হাতে একটি বড় হাতুড়ি ছিল। ভিডিওতে দেখা যায়, সে ইয়াসমিনের ওপর একের পর এক আঘাত হানে।
ফুটেজের শেষাংশে দেখা যায়, গুরুতর আহত অবস্থায় ইয়াসমিন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন। হামলাকারী তাকে নিথর অবস্থায় ফেলে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে।
নিহতের স্বজনরা জানান, ইয়াসমিন দীর্ঘ দিন ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। পরিবারের সচ্ছলতার আশায় প্রবাসে পাড়ি দিলেও এভাবে ঘাতকের হাতে প্রাণ দিতে হবে—এমন খবর শুনে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ফোর্ট মায়ার্স পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। সন্দেহভাজন একজনকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে, তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো অস্পষ্ট।
বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কনস্যুলেট এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প










































