শুক্রবার । মে ৮, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ৮ মে ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন
শেয়ার

দেশের পথে নাহিদা বৃষ্টির মরদেহ, পৌঁছাবে শনিবার সকালে


nahida-bristi

দেশের পথে বৃষ্টির মরদেহ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক ঘটনার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (৭ মে) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দর থেকে তাঁর মরদেহবাহী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। মরদেহ পাঠানোর সময় অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

গোলাম মোর্তোজা জানান, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-০২২০) বৃষ্টির মরদেহ পাঠানো হয়েছে। ফ্লাইটটি দুবাইয়ে যাত্রা বিরতি করবে। এরপর দুবাই থেকে অন্য একটি ফ্লাইটে (ইকে-০৫৮২) আগামী ৯ মে (শনিবার) সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রেস মিনিস্টার আরও জানান, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব ফ্লোরিডার দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার পর থেকেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে তদন্তকারী পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

ঘটনার রহস্য উদঘাটনে বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী, মরদেহ দেশে পাঠানো থেকে শুরু করে আইনি সব প্রক্রিয়া দূতাবাস ও কনস্যুলেট সমন্বয় করেছে।