
প্রধানমন্ত্রী তারেক রহমান।
হাওর অঞ্চলে টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি সংশ্লিষ্টদের স্বচ্ছ ও নির্ভুলভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে সঠিক তালিকা তৈরি করতে হবে, যাতে কোনো অনিয়ম না হয়। এই তালিকার ভিত্তিতে আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
সভায় সিদ্ধান্ত হয়, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে কৃষকদের ক্ষতি কমাতে ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।
এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকার তিন মাস সহায়তা দেওয়ার উদ্যোগ নেবে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিন উপস্থিত ছিলেন।
এছাড়া হাওরাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ সভায় অংশ নেন।






































