
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি এবার বিতর্কিত একটি গানের কারণে তীব্র সমালোচনা ও আইনি চাপের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। দিল্লিতে জাতীয় নারী কমিশনের সামনে হাজির হয়ে তিনি বলেন, কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে ঘটনার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেন তিনি।
বিতর্কের সূত্রপাত সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’–এর আলোচিত গান ‘সরকে চুনর তেরী সরকে’ ঘিরে। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে, এতে অশালীনতা ও নারীদের কুরুচিকরভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে নোরার কিছু নাচের ভঙ্গি নিয়ে সমালোচনা করেন নারী অধিকারকর্মীদের একাংশ।
পরিস্থিতি পরে আইনি পর্যায়ে গড়ালে জাতীয় নারী কমিশন নোরা ফাতেহি ও সঞ্জয় দত্তকে তলব করে। বৃহস্পতিবার কমিশনের সামনে হাজির হয়ে নোরা শুধু ক্ষমাই চাননি, অনাথ মেয়েদের শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন। তিনি জানান, সমাজের প্রতি ইতিবাচক কিছু ফিরিয়ে দিতে চান।

বিনোদন অঙ্গনের অনেকে মনে করছেন, সাম্প্রতিক সমালোচনার মুখে এটি নোরার ভাবমূর্তি পুনর্গঠনেরও একটি চেষ্টা। এর আগে ২৭ এপ্রিল কমিশনে হাজিরা দিয়ে সঞ্জয় দত্তের আইনজীবী দাবি করেন, গানের বক্তব্য সম্পর্কে অভিনেতা পুরোপুরি অবগত ছিলেন না।
সব মিলিয়ে ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি এখন বলিউডে কনটেন্টের সীমা, শিল্পীর দায়বদ্ধতা ও সামাজিক সংবেদনশীলতা নিয়ে নতুন বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে।











































