
তৃষা ও বিজয়ের সম্পর্ক নিয়ে আলোচনা ছিল অনেকদিন
তামিলনাড়ুর রাজনীতিতে সোমবার নতুন এক চেহারায় দেখা গেছে অভিনেতা বিজয়কে। তবে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের কাছে বিজয়ের আরেকটি আলাদা পরিচয় বহুদিন ধরেই পরিচিত—একজন শান্ত, সংযত মানুষ, যিনি শুটিং সেটে সবার থেকে আলাদা হয়ে চুপচাপ নিজের মতো থাকতেন।
সেটের কোণে চুপচাপ বিজয়
২০০৪ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ঘিল্লির পর বিজয় ও তৃষা তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি হয়ে ওঠে। সেই সময় দু’জন একসঙ্গে অংশ নিয়েছিলেন অভিনেত্রী অনু হাসানের টক শো কফি উইথ অনু তে। সেখানে তৃষা শুটিং সেটে বিজয়ের স্বভাব নিয়ে মজার একটি অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, সাধারণত শুটিংয়ের ফাঁকে সবাই আড্ডা দিতেন, গল্প করতেন। কিন্তু বিজয় ছিলো একেবারেই অন্যরকম।
তৃষার ভাষায়, ‘বিজয় সেটে কোথাও একটা কোণ খুঁজে নিয়ে দেয়ালের দিকে মুখ করে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতো। বিজয় খুব শান্ত মানুষ, বেশি কথা বলতো না।’
যদিও পাশে বসা বিজয় তখন মুচকি হেসে নিজের ব্যাখ্যাও দিয়েছিলেন সেসময়। তিনি বলেন, তিনি শুধু বসে থাকতেন না, বরং পরের দৃশ্যের প্রস্তুতি নিয়ে ভাবতেন।
কখনও রাগ করতে দেখিনি
এক পুরনো সাক্ষাৎকারে তৃষা আরও খোলাখুলি বলেছিলেন বিজয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা। ইতিমধ্যে চারটি হিট ছবিতে একসঙ্গে কাজ করে ফেলেছিলেন তারা।
তৃষা জানান, ঘিল্লি ছবির শুরুতে বিজয়ের সঙ্গে তার খুব বেশি কথা হতো না। কারণ বিজয় ছিলেন অত্যন্ত শান্ত ও চুপচাপ স্বভাবের।
তিনি বলেন, ‘সবাই জানে বিজয় খুব চুপচাপ মানুষ। সেটে আসতো, নিজের কাজ করতো, তারপর থাকতেন নিজের মতো। কিন্তু ঘিল্লির টিমের কারণে আমাদের ভালো বন্ধুত্ব তৈরি হয়।’
এরপর বিজয় সম্পর্কে তৃষা বলেন, ‘বিজয় আমার কাছে সবসময় বিশেষ একজন মানুষ হয়ে থাকবে। কারণ আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবিগুলো ওর সঙ্গেই এসেছে।’
তৃষা বলেন, ‘আমি কখনও ওকে রাগ করতে দেখিনি। খুব পেশাদার, নিজের কাজ নিখুঁতভাবে করে।’
ঘর কোনো জায়গা নয়, একজন মানুষ
দীর্ঘ ১৫ বছর পর ২০২৩ সালে লিও ছবিতে আবার একসঙ্গে দেখা যায় বিজয় ও তৃষাকে। ছবির সাকসেস মিটে তৃষা আবেগঘন ভাষায় বলেছিলেন, বিজয়ের সঙ্গে আবার কাজ করা যেন পুরনো স্কুলের বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মতো অনুভূতি।
মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আগের মতোই সেই ভালোবাসা, স্বস্তি আর বন্ধুত্ব এখনও আছে। আমার ২০ বছরের ক্যারিয়ারে কোনো সহ-অভিনেতার সঙ্গে এত দীর্ঘ পথচলা হয়নি।’
এরপর তৃষার সেই মন্তব্যটি ব্যাপক আলোচনায় আসে। তিনি বলেন, ‘মানুষ বলে, ঘর কোনো জায়গা নয়, একজন মানুষ। আমার কাছে সেই অনুভূতিটা বিজয়।’
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল










































