
বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় অবিলম্বে সংস্কারের দাবিতে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে এনসিপির শিল্প ও বাণিজ্য সেলের উদ্যোগে এই আলোচনার আয়োজন করা হয়। সভার মূল প্রতিপাদ্য ছিল— ‘বিলম্ব ব্যয়বহুল: কেন তাৎক্ষণিক অর্থনৈতিক সংস্কার অনিবার্য’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি ব্যবসায়ী সমাজের উদ্দেশ্যে বলেন, এনসিপি দেশের অর্থনীতির টেকসই উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর এবং ব্যবসায়ীদের মূল্যবান মতামত দলের ভবিষ্যৎ অর্থনৈতিক নীতিমালায় প্রতিফলিত হবে।

সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিএনপি সরকার আগের সব সংস্কার প্রক্রিয়া ভেস্তে দিয়েছে। এর ফলে অর্থনীতিতে যে স্থবিরতা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আমন্ত্রিত এফবিসিসিআই ও বিজেএমইএ নেতৃবৃন্দসহ আবাসন ও জ্বালানি খাতের উদ্যোক্তারা অংশ নেন। তারা ব্যবসায়িক পরিবেশ সহজ করা এবং নতুন কর্মসংস্থান তৈরির ওপর জোর দেন। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের বর্তমান ভূমিকা, ব্যাংক খাতে ঋণখেলাপিদের পুনর্বাসন এবং রাজস্ব খাতের পুরনো আমলাতান্ত্রিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেন বক্তারা। তাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা মাথায় রেখে প্রাতিষ্ঠানিক সংস্কার না করলে অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।
এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন আলাউদ্দিন মোহাম্মদ। যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল সংস্কারের অনিবার্যতা নিয়ে একটি কনসেপ্ট নোট উপস্থাপন করেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাভিদ নওরোজ শাহ্।
এনসিপির শিল্প ও বাণিজ্য সেলের এই গুরুত্বপূর্ণ আয়োজনের দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর কমিটির নেতা আনোয়ার জাহান আকাশ ও মো. সাইফুল ইসলাম। ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সভাটি সফলভাবে শেষ হয়।










































