
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । সংগৃহীত ছবি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক কূটনৈতিক সফরের অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও উপস্থিত ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও পাকিস্তানের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে। একই সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থন এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে ইসলামাবাদের ভূমিকার জন্য আরাগচি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী পৃথকভাবে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গেও আলোচনা করেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বৈঠক শেষে টেলিগ্রামে দেওয়া বার্তায় আরাগচি বলেন, যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। পাকিস্তান একটি স্থায়ী ও কার্যকর সমাধান না হওয়া পর্যন্ত মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত বলেও আশ্বাস দিয়েছে।
সূত্র: সিএনএন







































