রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শেয়ার

শেষ ম্যাচে হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ নারী দল


bd-srilanka

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ২–১ ব্যবধানে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারতে হয়েছে স্বাগতিকদের।

রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে। জবাবে ২১ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা নারী দল।

রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাত্র ১৯ রানে অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হন। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। দ্বিতীয় উইকেটে তাদের ১০৮ রানের জুটি সফরকারীদের শক্ত ভিত গড়ে দেয়। দুলানি ৫৬ রানে ফেরেন।

এরপর হারশিথা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে আরও ৭৮ রানের জুটি গড়েন হাসিনি পেরেরা। সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ৯৫ রানে থামলেও দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তিনি। শেষদিকে সামারাবিক্রমা ৪৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন, সঙ্গে ২ রানে অপরাজিত থাকেন হানসিমা করুণারত্নে। বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট নেন মারুফা আক্তার, একটি উইকেট পান সোবহানা মোস্তারি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফারজানা হক ১১ ও শারমিন সুলতানা ১৭ রানে আউট হলে ৩৪ রানে দুই উইকেট হারায় দল। এরপর শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ইনিংস গড়ার চেষ্টা করেন। শারমিন ২৫ রান করলেও জ্যোতি ৯০ বলে ৪০ রানের ধীরগতির ইনিংস খেলেন।

মাঝে ভালো ব্যাটিং করেন সোবহানা মোস্তারি। ৮০ বলে ৭৪ রানের ইনিংসে দলকে লড়াইয়ে রাখেন তিনি। শেষদিকে রিতু মণির ১৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংসেও বড় স্কোর গড়া সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই পিছিয়ে থেকে সিরিজ হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ নারী দলকে।