
ছবি: ভিডিও থেকে নেওয়া।
গণভোটে ‘হ্যাঁ’-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোটের দোহাই দিয়ে যা খুশি তাই করছে, যা আসলে গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন, নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে জনবিরোধী সব সিদ্ধান্ত নিচ্ছে।
দেশের অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন জানান, সরকারে এসেই হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে এবং অর্থপাচারকারীদের পুনর্বাসনের জন্য ব্যাংক আইন পরিবর্তন করা হয়েছে। এতে স্পষ্ট হয় যে ক্ষমতার চেয়ার পরিবর্তন হলেও লুটপাটকারীদের ফিরিয়ে আনার মানসিকতা বদলায়নি।

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার কোনো সুযোগ এনসিপি দেবে না। যদি আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, তবে তাদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির ৭ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়, যার সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল দায়িত্ব পেয়েছেন।
কমিটির নেতারা প্রতিশ্রুতি দেন যে, তারা কোনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে নয় বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবেন। শিগগিরই এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলেও সভায় জানানো হয়।











































