রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ এপ্রিল ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ন
শেয়ার

আবার পাকিস্তানে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


Shehbaz-Sharif-Aragchi

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে শনিবার ইসলামাবাদে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ত্যাগ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর শেষে তিনি আবার ইসলামাবাদে ফিরতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। এরপর তাঁর রাশিয়া সফরেরও সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের একটি অংশ পাকিস্তান থেকে তেহরানে ফিরে গেছে। যুদ্ধবিরতি ও চলমান সংঘাত-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা নিতে তারা দেশে ফিরেছেন। আগামীকাল রোববার রাতে ওই প্রতিনিধিরা আবার ইসলামাবাদে এসে আরাগচির সঙ্গে যোগ দিতে পারেন।

পাকিস্তান সফরে আরাগচি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ইরান-সম্পর্কিত যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই তিনি পাকিস্তান ছাড়েন।

এদিকে আরাগচির ইসলামাবাদ ত্যাগের পর শনিবার পাকিস্তান সফরে আসার কথা থাকা মার্কিন দুই দূতের সফরও বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে চলমান শান্তি উদ্যোগে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: আল-জাজিরা