
যশোর বিমানবন্দরে বিমান থেকে নামছেন প্রধানমন্ত্রী
দিনব্যাপী সফরে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ এপ্রিল) বিএনপির মিডিয়া সেল জানায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫০ মিনিটে যশোরের উদ্দেশে রওনা হন তিনি। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছান তিনি।
সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই শার্শা উপজেলায় যাবেন। সেখানে তিনি বহুল প্রতিক্ষিত ‘উলশী খাল’ খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই প্রকল্প উদ্বোধনের পর তিনি স্থানীয় সুধী সমাবেশে ভাষণ দেবেন। এলাকাটিতে এই প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

সফরসূচি অনুযায়ী-সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।
শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তার দ্বিতীয় সফর।
এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।







































