
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ মে (শনিবার) সিলেট সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, শনিবার দিনভর সিলেটে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় নগরের সুরমা নদীর তীরে ঐতিহাসিক চাঁদনীঘাটে সিলেট সিটি করপোরেশন কর্তৃক গৃহীত ‘জলাবদ্ধতা নিরসন’ প্রকল্পের উদ্বোধন করবেন।
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী (বাসিয়া খাল) খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জমকালো উদ্বোধন করবেন তিনি। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় যোগ দেবেন। কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় বিমানযোগে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে গত ১৯ এপ্রিল সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন সরকারি দপ্তর ও ভবন সুসজ্জিত করা হচ্ছে, চলছে রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এছাড়া জেলা স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার সফল আয়োজনের লক্ষ্যে প্রতিটি খেলার জন্য পৃথক টিম গঠনসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।







































