সোমবার । এপ্রিল ২৭, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৭ এপ্রিল ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
শেয়ার

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু


italy-bangladeshi

ছবি: সংগৃহীত

ইতালির বেরগামোতে ট্রেন দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে বেরগামোর লেভাতে এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম দীর্ঘ ২৭ বছর ধরে ইতালির বেরগামো এলাকায় সপরিবারে বসবাস করছিলেন। প্রতিদিনের মতো রোববার সকালে তিনি কর্মস্থলে যাওয়ার জন্য বের হন। পথিমধ্যে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্তমানে তাঁর মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা তাঁর স্বজনরা। নিহতের ভাতিজা সাইফুল ইসলাম জানান, তাঁর কাকা দীর্ঘ প্রবাস জীবনে কঠোর পরিশ্রম করে পরিবার চালাতেন। তাঁর আকস্মিক প্রয়াণে পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

শফিকুলের মৃত্যুর সংবাদ তাঁর নিজ গ্রাম কসবায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের পক্ষ থেকে শফিকুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এবং রোমস্থ বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করা হয়েছে।