রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৬ এপ্রিল ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের জন্য দুঃসংবাদ


maldives-workers

ফাইল ছবি

মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান। আগামী ২ মে থেকে দেশটিতে শুরু হচ্ছে ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ। এই অভিযানের মাধ্যমে যারা ভিসা ফি পরিশোধ করেননি এবং প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে নিজেদের বৈধ করেননি, তাদের বিরুদ্ধে কোনো প্রকার আপস করা হবে না। সরাসরি আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সরকার পরিষ্কার বার্তা দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগে মালদ্বীপে বৈধ অভিবাসীর হার মাত্র ২৮.৯৭ শতাংশ থাকলেও গত দুই বছরের নিরবচ্ছিন্ন অভিযানে তা এখন ৬২ শতাংশে উন্নীত হয়েছে। তবে এখনো প্রায় ২ হাজার ৯৩৩ জন অভিবাসী তাদের তথ্য জমা দেননি, যাদের আগামী এক বছরের মধ্যে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

২ মে থেকে শুরু হতে যাওয়া এই অভিযানে কোনো স্থানীয় প্রভাব বা সুপারিশ কাজ করবে না। একবার ধরা পড়লে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই, বরং দ্রুততম সময়ের মধ্যে তাদের মালদ্বীপ ছাড়তে হবে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সাঁড়াশি অভিযানের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে প্রবাসী বাংলাদেশিদের ওপর। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় মালদ্বীপে অবস্থানরত অভিবাসীদের অনতিবিলম্বে সরকারি নিয়ম মেনে তথ্য হালনাগাদ করা এবং বকেয়া ফি পরিশোধ করে বৈধ হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আইন অমান্যকারীদের জন্য এবার মালদ্বীপে টিকে থাকা কার্যত অসম্ভব হয়ে পড়বে।