
নিহত হানজালা। ছবি: সংগৃহীত
মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু ওয়ার্ডে একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত হানজালা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল সামাদের ছেলে। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী মালের একটি ১০ তলা ভবনের ছাদে কাজ করছিলেন হানজালা। প্রতিদিনের মতো সেদিনও ছাদে থাকা গাছগুলোতে পানি দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে গাছগুলোর সুরক্ষার জন্য দড়ি বাঁধার সময় পা পিছলে তিনি ১০ তলার ওপর থেকে নিচে পড়ে যান। পার্শ্ববর্তী অন্য একটি ভবনের টিনের চালের ওপর পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন।
খবর পেয়ে স্থানীয় উদ্ধারকারী দল তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন ছিল।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান জানান, শুক্রবার রাতে তারা হাসপাতালে গিয়ে গুরুতর আহত হানজালার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসক তখন জানিয়েছিলেন হানজালার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরবর্তীতে রাত ২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ হানজালার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
হাইকমিশনের পক্ষ থেকে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
স্বজনরা জানান, মাত্র ৭-৮ মাস আগে উন্নত জীবনের আশায় মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন হানজালা। তিনি সেখানে একটি বৈধ কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন দিশেহারা তার স্বজনরা।
হানজালার পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় হওয়ায়, তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে জরুরি সহযোগিতা চেয়েছেন তারা।














































