
ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ এই আগ্রহের কথা জানান।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই দেশের মধ্যে বিদ্যমান বিপুল অনাবিষ্কৃত সম্ভাবনাকে কাজে লাগিয়ে পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশি শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশটিতে আরও বেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান। এ সময় হাইকমিশনার মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অসামান্য অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে নিয়মিত স্বাস্থ্যকর্মী নিয়োগের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
রোহিঙ্গা সংকটে মালদ্বীপ সরকারের অব্যাহত সমর্থনের জন্য প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করে উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।







































