
হ্যারি স্টাইলস – জো ক্রাভিটজ
বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় ভেঙে অবশেষে বাগদান সারলেন ব্রিটিশ পপ তারকা হ্যারি স্টাইলস। দীর্ঘ আট মাসের গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে মার্কিন অভিনেত্রী জো ক্রাভিটজের সঙ্গে আংটি বদল করেছেন তিনি। যদিও এই তারকা যুগল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘পিপল ডটকম’।
সম্প্রতি লন্ডনের রাস্তায় এই জুটিকে যখন একসঙ্গে দেখা যায়, তখন ভক্তদের নজর কাড়ে জোর হাতের বিশাল হীরার আংটিটি। মার্কিন গণমাধ্যমের দাবি, এই এনগেজমেন্ট রিংয়ের মূল্য প্রায় ৬ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় ৭ কোটি ৩০ লাখ টাকারও বেশি। বিদায়ের আগে হ্যারির উষ্ণ চুম্বন সেই বাগদানের জল্পনাকে আরও জোরালো করেছে। এমনকি জোর বাবা, কিংবদন্তি সংগীতশিল্পী লেনি ক্রাভিটজও এই সম্পর্কে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
২০১৯ সালে কার্ল গ্লুসম্যানের সঙ্গে বিয়ে এবং পরবর্তীতে চ্যানিং ট্যাটামের সঙ্গে বিচ্ছেদের পর হ্যারির হাত ধরলেন জো। মজার বিষয় হলো, হ্যারি ও জোর বাগদানের খবর ছড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই জোর সাবেক প্রেমিক চ্যানিং ট্যাটাম ইনস্টাগ্রামে বিচ্ছেদ ও মানসিক দ্বন্দ্ব নিয়ে একটি রহস্যময় কবিতা শেয়ার করেছেন। যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

ক্যারোলিন ফ্ল্যাক থেকে অলিভিয়া ওয়াইল্ড—হ্যারি স্টাইলসের জীবনে অনেক নারী এলেও এবারই প্রথম তাঁর বাগদানের খবর সামনে এল। ২০২৫ সালের আগস্টে রোমে শুরু হওয়া এই প্রেম অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে।










































