
ফাইল ছবি
টানা তাপপ্রবাহের পর সারাদেশে শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। রাজধানীসহ দেশের আট বিভাগেই কালবৈশাখী ঝড় ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর এবং নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতি আগামী ৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ঝড়ের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই ঝড়ের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
আগামী ৯৬ ঘণ্টার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের আট বিভাগেই কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতিভারী (৮৮ মিমি-এর বেশি) বর্ষণ হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ভোলায়। অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। এছাড়া নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।

বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা হয়েছে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত।
গত সপ্তাহে দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকলেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাবে এখন তা অনেকটাই কমেছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ঢাকায় ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর সবাইকে বজ্রপাতের সময় সতর্ক থাকার এবং খোলা জায়গায় না থাকার আহ্বান জানিয়েছে।






































