মঙ্গলবার । এপ্রিল ২৮, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৮ এপ্রিল ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
শেয়ার

রিয়ার হ্যাটট্রিকে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ


bangladesh-women-hockey

প্রথমবার অংশ নিয়েই এশিয়ান গেমসের বাছাইপর্বের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

আন্তর্জাতিক হকিতে নিজেদের অভিষেক আসরেই একের পর এক ইতিহাস গড়ে চলেছে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করার পর এবার টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাকার্তায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

দলের এই ঐতিহাসিক জয়ে প্রধান ভূমিকা রেখেছেন ফরোয়ার্ড আইরিন আক্তার রিয়া। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে তিনি ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন।

ম্যাচের অষ্টম মিনিটে রিয়ার গোলেই লিড নেয় বাংলাদেশ। তবে ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরে সিঙ্গাপুর। এরপর ১-১ সমতায় ম্যাচটি টানটান উত্তেজনায় চলে ৫৬ মিনিট পর্যন্ত।

ria

সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আইরিন আক্তার রিয়া

ম্যাচের শেষ দিকে রিয়ার জাদুকরী পারফরম্যান্সে ম্যাচের চিত্র বদলে যায়। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। এর ঠিক পরের মিনিটেই আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন রিয়া।

এর আগে আসরের শুরুটা ড্র দিয়ে হলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে এবং তৃতীয় ম্যাচে হংকং চায়নাকে ২-১ গোলে পরাজিত করে এশিয়ান গেমসের মূল পর্ব নিশ্চিত করে রিয়া-অর্পিতারা।

আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়ার মধ্যে জয়ী দলের বিপক্ষে লড়বে তারা।