
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষায় তার মূত্রনালীতে পাথর ধরা পড়ায় চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভব করলে দ্রুত সারজিস আলমকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মূত্রনালীতে পাথরের উপস্থিতি শনাক্ত করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পাথরের অবস্থান ও শারীরিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শারীরিক আনুষঙ্গিক পরীক্ষা শেষে সুবিধাজনক সময়ে এই অপারেশন সম্পন্ন করা হবে।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, আকস্মিক এই অসুস্থতায় পরিবারের সবাই কিছুটা উদ্বিগ্ন। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি তার ভাইয়ের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেতার অসুস্থতার খবরে এনসিপির নেতা-কর্মীসহ তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।











































