
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে উড়ন্ত বিমানের ভেতরেই জন্ম নিল এক কন্যাশিশু—অভিনব এ ঘটনাটি ঘটেছে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে আটলান্টা থেকে পোর্টল্যান্ডগামী বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি অবতরণের মাত্র ২০ মিনিট আগে এই বিরল ঘটনা ঘটে।
জানা গেছে, হঠাৎ করেই এক নারী যাত্রী অ্যাশলি ব্লেয়ারের প্রসব বেদনা শুরু হয়। নির্ধারিত সময়ের প্রায় দুই সপ্তাহ আগেই বেদনা উঠায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। তবে সৌভাগ্যক্রমে বিমানে উপস্থিত ছিলেন দুই প্যারামেডিক—টিনা ফ্রিটজ ও কারিন পাওয়েল। তারা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে প্রসব প্রক্রিয়া পরিচালনা করেন।
বিমানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকলেও পরিস্থিতি সামাল দিতে তারা যাত্রীদের কাছ থেকে কম্বল সংগ্রহ করেন। এমনকি নবজাতকের নাড়ি বাঁধতে ব্যবহার করা হয় একটি জুতার ফিতা—যা এই ঘটনাকে আরও ব্যতিক্রমী করে তোলে।

প্রসবের সময় বিমানটি অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। ফ্লাইট ক্রুরা যাত্রীদের আসনে বসতে নির্দেশ দিলেও জরুরি পরিস্থিতির কারণে প্যারামেডিকরা প্রসব কার্যক্রম চালিয়ে যান। শেষ পর্যন্ত মাত্র তিনবার চাপ দেওয়ার পরই জন্ম নেয় ৫ দশমিক ৫ পাউন্ড ওজনের একটি সুস্থ কন্যাশিশু। শিশুটির নাম রাখা হয়েছে ব্রিয়েল রেনে ব্লেয়ার।
বিমানটি পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মা ও নবজাতককে দ্রুত উদ্ধারকারী দলের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, মা ও শিশু দু’জনই সুস্থ আছেন।
ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতিতে ফ্লাইট ক্রু ও সহায়তাকারী যাত্রীদের ধন্যবাদ জানিয়েছে এবং নবজাতক ও তার পরিবারের জন্য শুভকামনা প্রকাশ করেছে।
এই ব্যতিক্রমী ঘটনাটি বিমানে থাকা যাত্রীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। প্যারামেডিক টিনা ফ্রিটজ বলেন, ‘এ অভিজ্ঞতা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে—মনে হচ্ছে আমরা আজীবনের জন্য একটি বিশেষ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি।’








































