বুধবার । এপ্রিল ২৯, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

এআই থেকে কণ্ঠ ও চেহারা বাঁচাতে ট্রেডমার্কের আবেদন করলেন টেইলর সুইফট


Taylor

পপ তারকা টেইলর সুইফট

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য অপব্যবহার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নতুন ট্রেডমার্ক আবেদন করেছেন। এই আবেদনগুলোর মধ্যে রয়েছে তার কণ্ঠের দুটি অডিও ক্লিপ এবং একটি মঞ্চের ছবি।

যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে জমা দেওয়া এসব আবেদন বিনোদন জগতে এআই-এর প্রভাব নিয়ে বাড়তে থাকা উদ্বেগকে সামনে এনেছে। বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে সহজেই জনপ্রিয় শিল্পীদের মতো কণ্ঠ বা চেহারা তৈরি করা সম্ভব, যা স্ট্রিমিং প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

এই আবেদনের বিশেষ দিক হলো ‘সাউন্ড মার্ক’ ব্যবহার—যা ট্রেডমার্ক আইনের তুলনামূলক কম পরিচিত একটি ধারা। কোনো সেলিব্রিটির কথ্য কণ্ঠকে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করার চেষ্টা আগে আদালতে তেমনভাবে পরীক্ষা হয়নি।

একটি অডিও ক্লিপে সুইফট তার নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অফ এ শো গার্ল’ শোনার আহ্বান জানিয়েছেন, আরেকটিতে অ্যালবামটির প্রকাশের তারিখ জানিয়ে প্রি-সেভ করার অনুরোধ করেছেন।

এছাড়া তিনি তার সাম্প্রতিক বিশ্বভ্রমণভিত্তিক একটি আইকনিক ছবি ট্রেডমার্ক করতে চান—যেখানে তাকে গোলাপি গিটার হাতে ঝলমলে পোশাকে মঞ্চে দেখা যায়।

এ ধরনের পদক্ষেপ অবশ্য টেইলর সুইফট একা নন, হলিউড অভিনেতা ম্যাথিউ ম্যাককনাহেও সম্প্রতি নিজের কণ্ঠ ও চেহারা রক্ষায় একই ধরনের ট্রেডমার্ক আবেদন করেছেন।

বিশেষজ্ঞদের মতে, প্রচলিত কপিরাইট আইন সাধারণত বিদ্যমান কাজের নকল ঠেকাতে কার্যকর হলেও এআই এখন এমন নতুন কনটেন্ট তৈরি করতে পারে, যা সরাসরি নকল না হলেও কোনো শিল্পীর কণ্ঠ বা স্টাইল অনুকরণ করে। এই শূন্যতা পূরণে ট্রেডমার্ক একটি নতুন আইনি হাতিয়ার হতে পারে।

সুইফট ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৩০০টির বেশি ট্রেডমার্ক আবেদন করেছেন—যা তার ব্র্যান্ডকে আরও শক্তিশালী করতে সহায়তা করছে।

বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে যদি কেউ এআই ব্যবহার করে সুইফটের মতো কণ্ঠ বা চেহারা তৈরি করে, তাহলে এই ট্রেডমার্ক আইনের ভিত্তিতে তিনি আইনি ব্যবস্থা নিতে পারবেন।