
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে রিটার্নিং অফিসার মো. মহিউদ্দিন খান নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোটের রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্রদের জোট থেকে একজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ করা হবে।

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। জাতীয় সংসদে দলীয় আসনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মনোনীত প্রার্থীরাই এসব আসনে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহ্মুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক ও আন্না মিন্জ।
এ ছাড়া বিএনপি জোট থেকে নির্বাচিত অন্যরা হলেন- সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
এদিকে সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, প্রকৌশলী মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও প্রকৌশলী মাহবুবা হাকিম।
অন্যদিকে সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র ৬ সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত জোট থেকে সুলতানা জেসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।




































