বুধবার । এপ্রিল ২৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ২৯ এপ্রিল ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার

মে শেষে কমতে পারে সংক্রমণ

হামে আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশ টিকাবঞ্চিত: স্বাস্থ্য অধিদপ্তর


ham

ছবি: সংগৃহীত

দেশে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশ কোনো টিকা পায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তদের ১৪ শতাংশ প্রথম ডোজ টিকা নিয়েছিল এবং ১২ শতাংশ দুই ডোজ টিকা নেওয়ার পরও সংক্রমিত হয়েছে।

বুধবার রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার (ইমিউনাইজেশন) ডা. রিয়াদ মাহমুদ।

তিনি জানান, গত ৫ এপ্রিল ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়। তিন সপ্তাহের অগ্রগতিতে দেখা গেছে, যেসব এলাকায় কর্মসূচি চালানো হয়েছে সেখানে নতুন রোগী পাওয়া যাচ্ছে না। এ কারণে মে মাসের শেষ নাগাদ হামের প্রকোপ কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, মানবিক কারণে শিশু মৃত্যুর কারণ বিশ্লেষণ করা হচ্ছে না। এছাড়া পরীক্ষার কিছু সীমাবদ্ধতায় রোগ শনাক্তে সময় লাগছে।

তিনি আরও জানান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টিকা আগামী মাসের শুরুতেই দেশে পৌঁছাবে। বর্তমানে হাসপাতালগুলোতে আইসোলেশন ব্যবস্থা চালু থাকায় আক্রান্তদের অন্য হাসপাতালে স্থানান্তরের সুযোগ নেই।

স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে, খুব শিগগিরই সংক্রমণের সর্বোচ্চ পর্যায় পার হয়ে পরিস্থিতির উন্নতি শুরু হবে।